গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানার গর্ভবতী নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন শ্রমিক ও স্থানীয় লোকজন। তবে মৃত্যুর খবরটি ছিল সম্পূর্ণ গুজব। ওই নারী শ্রমিক সুস্থ রয়েছেন। মঙ্গলবার রাতে তিনি নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে থানায় হাজির হয়ে নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
ওই নারী শ্রমিকের নাম মোছা. দিলরুবা আক্তার মিলি। তিনি ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস কারখানার সুইং অপারেটর হিসেবে কাজ করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে খাবারের বিরতি শেষে শ্রমিকেরা কাজে যোগ দিতে ফিন বাংলা অ্যাপারেলস কারখানায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় কয়েকজন বহিরাগত ব্যক্তি তাঁদের প্রবেশে বাধা দেন। এ নিয়ে কারখানার প্রবেশমুখে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে গর্ভবতী শ্রমিক দিলরুবা আক্তার মিলি সামান্য ব্যথা পান।পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাসায় ফিরে যান তিনি। কিন্তু এ ঘটনার পরপরই তাঁকে হত্যার গুজব ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে কারখানার সামনে প্রায় ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক ও স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ উদ্যোগ নেয়। পরে রাতেই দিলরুবা আক্তার মিলি নিজে কারখানার কর্মকর্তাদের সঙ্গে গাছা থানায় উপস্থিত হন। সেখানে পুলিশ কর্মকর্তাদের কাছে নিজের শারীরিক সুস্থতার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি দুপুরে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেন।
গাছা থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারখানায় প্রবেশে বাধা দেওয়া বহিরাগতদের পরিচয় এবং মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।