টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান।এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। প্রাণিসম্পদের উন্নয়ন ও সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, সঠিক পরিচর্যা এবং নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।তাঁরা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে খামারি ও কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার কার্যকর সম্প্রসারণ জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।