টানা কয়েক সপ্তাহের শ্রমিক আন্দোলন, বিক্ষোভ ও সংঘর্ষের পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শনিবার সকাল থেকে দলে দলে কারখানায় ফিরেছেন পোশাকশ্রমিকেরা। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো বন্ধ রয়েছে।শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। সকাল ১১টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও নতুন করে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকার কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।এর আগে গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সড়কে বাঁশ-কাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ীসহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায়।পরবর্তী সময়ে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ান শ্রমিকেরা। এতে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে মজুরি বোর্ড গঠন করে সরকার।এর ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরবর্তী সময়ে কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি শেষে শনিবার সকালে আবারও কাজে ফিরেছেন শ্রমিকেরা।শ্রমিকেরা জানান, দীর্ঘদিনের আন্দোলনে কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এতে মালিকপক্ষের পাশাপাশি শ্রমিকেরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক থাকলে উৎপাদন বাড়াতে তাঁরা আন্তরিকভাবে কাজ করবেন।এদিকে শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মহানগর পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকাল থেকে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা ছাড়া অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।