আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১৩ সেপ্টেম্বর দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থীদের নাম ঘোষণার পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব আসন্ন নির্বাচনের জন্য বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খুঁজে বের করা, ওয়ার্ডভিত্তিক স্থানীয় নাগরিক সমস্যার সমাধান এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার তাগিদ দিয়েছেন। এছাড়া, পলাতক ও পতিত আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক নজরদারি বজায় রাখার জন্য নেতাকর্মীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।