চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে (নাসিম) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার বেলা ২টার দিকে তাকে আটক করা হয়। ভগমন্তপুর গ্রামের বাসিন্দা নাসিমুল ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে আত্মগোপনে থেকে রাজশাহী শহরে বসবাস করছিলেন।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানিয়েছে, নাসিমুল মেডিকেল ভিসায় ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তার পাসপোর্ট ও ভিসা যাচাই-বাছাইয়ের একপর্যায়ে আইনগত জটিলতা ধরা পড়ে। পরে গোদাগাড়ী থানায় যোগাযোগ করে তার বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
গোদাগাড়ী মডেল থানা সূত্রে জানা গেছে, নাসিমুলের বিরুদ্ধে গত বছরের ৬ ডিসেম্বর দায়েরকৃত একটি মামলা রয়েছে (জিআর নম্বর-৬০৫, মামলা নম্বর-৭)। ওই মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এদিকে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নাসিমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। আত্মগোপনে থেকেও তিনি বিভিন্ন দলীয় কর্মসূচির প্রচারণা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তাদের সক্রিয় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানার মামলা নম্বর-৭, তারিখ ৬ ডিসেম্বর ২০২৪ এবং জিআর নম্বর-৬০৫, ৬ ডিসেম্বর করা ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এছাড়াও অনলাইনে ঘোষিত বিভিন্ন কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় থাকতেন এবং তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় রাখতেন।