1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ঢাকার ৩৫ এলাকা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৫টি স্থানকে বর্তমানে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু চলতি সেপ্টেম্বরের প্রথম ২৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজারেরও বেশি রোগী, যার মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১১৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে শুধু হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য থাকলেও বহির্বিভাগে সেবা নেওয়া রোগীদের হিসাব এখানে যুক্ত নয়। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, গত দুই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় চার গুণ এবং মৃত্যুর হার তিন গুণেরও বেশি বেড়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে এবং এসব এলাকায় দেড় শতাধিক হটস্পট সক্রিয় রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮টি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, মহাখালী, গুলশান, বাড্ডা ও উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭টি ঝুঁকিপূর্ণ হটস্পটের মধ্যে ধানমন্ডি, শাহবাগ, সেগুনবাগিচা, খিলগাঁও, লালবাগ ও যাত্রাবাড়ী এলাকাগুলো উল্লেখযোগ্য। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, কিছু এলাকায় লার্ভার উপস্থিতি ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পাওয়া গেছে, যা উদ্বেগজনক। তিনি জানান, এসব ক্ষেত্রে আইনি ব্যবস্থা ও জরিমানার কার্যক্রম চলমান রয়েছে।

সিটি করপোরেশনগুলো ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের বিশেষ কর্মসূচি পরিচালনা করলেও লার্ভার হটস্পটগুলো পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, যেসব এলাকায় লার্ভার খবর পাওয়া যাচ্ছে, সেখানে ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আইন প্রয়োগের প্রক্রিয়া আরও কঠোর করা হবে বলে দুই সিটি করপোরেশনই ঘোষণা দিয়েছে। নগরবাসীকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে।

কীটতত্ত্ববিদদের মতে, ডেঙ্গুর সর্বোচ্চ আক্রান্তের সময় এখনো পার হয়নি। কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশারের শঙ্কা, অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। ড. বাশার জানান, চলতি মাসে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর একটি সম্ভাবনা রয়ে গেছে। তবে বর্তমান ক্রাশ প্রোগ্রামগুলো কতটা কার্যকরভাবে পরিচালনা করা হবে, তার ওপরই নির্ভর করছে ডেঙ্গুর পরবর্তী পরিস্থিতি। সঠিক ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun