কুড়িগ্রামের উলিপুরে ৭৪টি ইয়াবা বড়িসহ হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে ইউনিয়নের পুরোনো অনন্তপুর বাজার এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই আফজাল হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর রোববার রাতে আফজাল হোসেনকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয় উলিপুর উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের ঘটনাটি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী।