গাজীপুর প্রতিনিধি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তুষার মুসল্লীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জেসন গেট এলাকা থেকে শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর এলাকায় যায়। সেখান থেকে আবার জেসন গেটে ফিরে এসে কর্মসূচি শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। তাঁরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে তুষার মুসল্লী বলেন, ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা, হুমকি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তুষার মুসল্লী আরও বলেন, ছাত্রদল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করছে। কোনো ধরনের নৈরাজ্য বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ভবিষ্যতেও দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার কথা জানান।