খুলনায় পৃথক দুটি হামলায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলার পারহাজী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রামীম বিশ্বাসকে (৩২) গুলি করে।
তিনি পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জেলা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেনেরবাজার-মধুপুর সড়কে আয়নাল মোল্লার বাড়ির সামনে ভ্যানে বসে থাকার সময় পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।
এতে তার পাঁজরে গুলি বিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে স্থানীয় লোকজন রামীমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
একইদিন সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে আরেক ব্যক্তিকে গুলি করা হয়।
আকাশ কুণ্ড (৩২) নামের ওই দোকানিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে আকাশের পেটে গুলি লাগলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী আকাশ কুণ্ড চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে।