বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৪৩৭ রানের জবাবে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২ উইকেট ১০১ রান তুলেছে সফরকারী পাকিস্তান। টেস্ট জিততে ৮ উইকেট হাতে নিয়ে আরও ৩৩৬ রান করতে হবে পাকিস্তানকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষ দিকে ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ ওভার ব্যাট করে কোন রান তুলতে পারেনি পাকিস্তান।
চতুর্থ দিন দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ ফজলকে ৬ রানে বিদায় দেন বাংলাদেশ পেসার নাহিদ রানা।
আরেক ওপেনার আজান আওয়াইসকে সাজঘরের পথ দেখান বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২টি চারে ২১ রান করেন আজান।
৪১ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। ৬১ বলে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের প্রথম সেশন শেষ করেন তারা। মাসুদ ৪১ ও বাবর ২৪ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের নাহিদ ও মিরাজ ১টি করে উইকেট নেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯০ রান।