প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়ে কুমিল্লার বরুড়ায় ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২১)। ঘটনার পর ওই নারীর স্বর্ণালংকার ও অর্থ লুট করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত মো. মোস্তফাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোস্তফা উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা। তিনি ভুক্তভোগী নারীর সম্পর্কে ভাসুর হন।
ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। তিনি এক সন্তানের জননী।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মে) দিবাগত মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয় ভুক্তভোগী নারী। পূর্ব থেকে প্রস্তুত থাকা মোস্তফা তার মুখ চেপে ধরে ঘরে নিয়ে ধর্ষণ করেন।
এ সময় তিনি ধর্ষণের ভিডিও ধারণ করেন। এক পর্যায়ে ওই নারীর কানের দুল ও নগদ এক লাখ টাকা নিয়ে যান।
সকালে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিকেলে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী থানায় উপস্থিত হয়ে মামলা করলে পুলিশ মোস্তফাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ধর্ষণ, স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন।
ওই মামলায় অভিযুক্ত মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।