1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

ঈদের ছুটির ঘোরাঘুরিতে মুখর হয়ে উঠছে লালবাগ কেল্লা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৯ মে, ২০২৬

রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লা। সময়টা পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ শুক্রবার বিকেল। পড়ন্ত বেলায় ঐতিহাসিক এ স্থাপনা যেন দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছিল। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে। আবার কেউ প্রিয় পোষা বিড়ালটিকে সঙ্গে নিয়ে কেল্লা প্রাঙ্গণে ঘুরতে এসেছেন।

মোগল আমলের স্থাপত্য, খোলামেলা পরিবেশ আর সতেজ ঘাসে ঘেরা ঐতিহাসিক এ প্রাঙ্গণে সময় কাটিয়ে আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা। কেউ কেউ বলেন, বইয়ের পাতায় লালবাগ কেল্লার ইতিহাস পড়লেও সরাসরি এসে দেখে অন্য রকম অনুভূতি হয়েছে।

পুরান ঢাকার চকবাজার থেকে এসেছেন শামীম হোসেন। সঙ্গে ছিলেন স্ত্রী জান্নাতুল ফেরদাউস আর ছেলে শাহদাত, মেয়ে ফাতিহা ও ফাবিহা। শামীম বলেন, ‘সন্তানদের নিয়ে আগে কখনো আসা হয়নি। আজ ওদের প্রত্নতত্ত্ব নিদর্শন ও খোলামেলা পরিবেশ দেখাতে নিয়ে এসেছি।’

কথায় কথায় শামীম আরও বলেন, ‘বাচ্চারা তো এখনো পুরাকীর্তির ইতিহাস বুঝবে না। তারা কোনো কিছু সুন্দর হলে একটু দেখবে, দৌড়াবে, সবুজ ঘাসে নিজেদের মতো করে একটু খেলবে। আসলে বাচ্চাদের জন্য যে রকম খোলামেলা জায়গা দরকার, সেটি তো ঢাকায় নেই। তাই ওদের নিয়ে এখানে এলাম। একই সঙ্গে কেল্লা দেখা হলো, খোলামেলা পরিবেশেও ঘোরাঘুরি হলো।’

ছোট ভাই সাবিরকে কোলে নিয়ে লালবাগ কেল্লা ঘুরে ঘুরে দেখছিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাজিম। জানাল, ওরা মালিবাগে থাকে। সঙ্গে বাবা, মা, আরেক ভাইও এসেছে। বইয়ের পাতায় লালবাগ কেল্লার ইতিহাস পড়েছে সাজিম। সামনাসামনি দেখা হয়নি। তাই আজ পরিবারসহ ঘুরতে এসেছে।

কথা হলো সাজিমের বাবা শামীম রেজার সঙ্গেও। তিনি বলেন, ‘ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এমন খোলামেলা একটা জায়গা অনেক বেশি স্বস্তির। পরিবার নিয়ে পুরোনো প্রত্নতত্ত্ব দেখলাম। নির্মল পরিবেশ উপভোগ করলাম।’

শিশুদের মানসিক বিকাশের জন্য এমন খোলামেলা পরিবেশ দরকার উল্লেখ করে শামীম রেজা বলেন, ‘তাই ঈদের ছুটিতে ওদের ঘুরতে নিয়ে এসেছি। ইতিহাস পড়তে গেলে এটা ওদের জন্য অনেক বেশি সহায়ক হবে।’

ঢাকার কেরানীগঞ্জের কামরাঙ্গীরচর থেকে এসেছেন শফিক আহমেদ। পেশায় ব্যবসায়ী তিনি। সঙ্গে এসেছেন তাঁর স্ত্রী মিহির ইসলাম। দুজনের সঙ্গে রয়েছে ‘এলেক্স’। শফিক-মিহির দম্পতির পোষা বিড়াল এটা।

শফিক বললেন, ‘ঈদ উদ্‌যাপনটা আরও চমৎকার করতে খোলামেলা পরিবেশে ঘুরতে আসা। আজকের ওয়েদারটা (আবহাওয়া) চমৎকার। বিশেষ করে, আমার পোষা বিড়াল এলেক্সের জন্য আসা। সারাক্ষণ বাসায় থেকে ও বোর (বিরক্ত) হয়ে পড়ছিল।’

গতকাল বৃহস্পতিবার ঈদের সকাল থেকেই লালবাগ কেল্লায় দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেন। বিকেলের দিকে ভিড় আরও বেড়ে যায় বলে জানান সেখানে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা হামিদুর রহমান। সেই ভিড় আজও ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun