1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

মালয়েশিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মালয়েশিয়ার পশ্চিম উপকূলে পাংকর দ্বীপের কাছে ৩৭ জন অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সামুদ্রিক কর্তৃপক্ষ। নিখোঁজরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পেরাক অঙ্গরাজ্যের মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানিয়েছে, সোমবার ভোরে এক স্থানীয় জেলে সমুদ্রে কয়েকজন মানুষকে ভাসতে দেখে তাদের খবর দেন।

পেরাক এমএমইএ’র পরিচালক মোহাম্মদ শুকরি খোতব সোমবার গভীর রাতে এক বিবৃতিতে বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নৌকাটিতে মোট ৩৭ জন অভিবাসী ছিলেন।

এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে।’

মোহাম্মদ শুকরি আরও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে অভিবাসীরা গত ৯ মে ইন্দোনেশিয়ার কিসারান থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়ার পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গর এবং কুয়ালালামপুরসহ বিভিন্ন এলাকা।

নিখোঁজদের সন্ধানে সংস্থাটি ইতোমধ্যে উদ্ধারকারী নৌকা, একটি হেলিকপ্টার এবং নজরদারি বিমান মোতায়েন করেছে। উদ্ধারকৃতদের পরবর্তী তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুলনামূলকভাবে উন্নত অর্থনীতির দেশ মালয়েশিয়ায় এশিয়ার দরিদ্র দেশগুলোর লাখ লাখ অভিবাসী কাজ করেন। নির্মাণ ও কৃষি খাতের এসব শ্রমিকের বড় একটি অংশই সেখানে অবৈধভাবে বসবাস করছেন।

তবে মানবপাচারকারী চক্রের মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের এই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে প্রায়ই নৌকাডুবির মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত বছরের নভেম্বরে থাই-মালয়েশিয়া উপকূলের কাছে নৌকা ডুবিতে ৩৬ অভিবাসী মারা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun