1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
সাবেক তালেবান কমান্ডারকে ৪২ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র নারায়ণগঞ্জে ডাম্পট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মী গ্রেফতার  খুলনায় বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেফতার সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন সভা  জোহানেসবার্গের কাছে বন্দুক হামলায় নিহত ১২ ক্রান্তীয় ঝড় ‘ক্রিস্টিনা’ ধেয়ে আসায় সতর্ক মধ্য আমেরিকার ৪টি দেশ কঙ্গোতে হাজার হাজার মানুষকে আটক ও নির্যাতন করেছে এম২৩ বিদ্রোহী: এইচআরডব্লিউ হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

অ্যারিজোনায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর স্বপ্নের নতুন দিগন্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

টেক্সাসের অস্টিনে সফল সূচনার পর বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) তাদের ‘সিলিকন রিভার ইউএসএ রোডশো ২০২৬’-এর পরবর্তী ধাপ শুরু করেছে অ্যারিজোনার ফিনিক্সে। দ্রুত বিকাশমান এই সেমিকন্ডাক্টর অঞ্চলটি ‘সিলিকন ডেজার্ট’ নামেও পরিচিত।

এতে বিশ্বের ৩০টিরও বেশি নামী সেমিকন্ডাক্টর কোম্পানিতে কর্মরত ৮০ জনেরও বেশি অনাবাসী বাংলাদেশি (এনআরবি) প্রকৌশলী ও পেশাজীবী অংশ নেন। অংশগ্রহণকারীরা সেমিকন্ডাক্টর ডিজাইন, উৎপাদন, প্যাকেজিং, টেস্টিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নির্বাহী নেতৃত্বসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মিলিতভাবে ১ হাজার ৬০০ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করছেন।

বিএসআইএ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে স্ট্যাটস চিপপ্যাক-এর (জেসিইটি) বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নকিবুল ইসলাম তপন বিশ্ব সেমিকন্ডাক্টর মানচিত্রে অ্যারিজোনার ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি অ্যাডভান্সড প্যাকেজিং, টেস্টিং ও সেমিকন্ডাক্টর উৎপাদনে নতুন সম্ভাবনার কথা জানান। একইসঙ্গে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর শিল্পের সাথে বাংলাদেশের যোগাযোগ আরও বাড়ানোর তাগিদ দেন।

ছবি: বাসস

বিএসআইএ সভাপতি এম. এ. জব্বার প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ায় অ্যারিজোনার বাংলাদেশি কমিউনিটিকে ধন্যবাদ জানান। বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের স্বপ্ন পূরণে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শিল্প খাত, শিক্ষাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা, নীতিপ্রণেতা এবং প্রবাসী পেশাজীবীদের সমন্বিত উদ্যোগের ওপরও জোর দেন তিনি।

অ্যারিজোনা বাংলাদেশি সেমিকন্ডাক্টর সোসাইটির (এবিএসএস) প্রতিনিধি জাকির এবং ড. রিয়াদ বাংলাদেশের জন্য সেমিকন্ডাক্টর শিক্ষা, দক্ষ জনবল তৈরি, মেন্টরিং ও প্রশিক্ষণ বিষয়ে তাদের চলমান কার্যক্রম তুলে ধরেন। 

তারা জানান, অ্যারিজোনায় কর্মরত ১০ জনেরও বেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ প্রকৌশলীদের মেন্টরিং ও কারিগরি নির্দেশনা দিচ্ছেন।

ছবি: বাসস

অনুষ্ঠানে পারডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং সিলিকন রিভার উদ্যোগের প্রধান স্থপতি ড. মুহাম্মদ মুস্তফা হুসাইন একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের সেমিকন্ডাক্টর কৌশল, ইকোসিস্টেম বা পরিবেশ তৈরি এবং ভবিষ্যতের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। বাংলাদেশে বিশ্বমানের একটি প্রযুক্তিনির্ভর পরিবেশ তৈরিতে সবাইকে উদ্ভাবনী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ভবিষ্যতের প্রযুক্তিগত দিক তুলে ধরে আইবিএম-এর ড. রেজাউল ইসলাম পাভেল এজেন্টিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা করেন। সেমিকন্ডাক্টর ডিজাইন, উৎপাদন, ব্যবসায়িক কার্যক্রম এবং প্রযুক্তির অগ্রগতিতে এর ভূমিকা ব্যাখ্যা করেন তিনি। একই সাথে এআই-চালিত ভবিষ্যতের জন্য বাংলাদেশকে প্রস্তুত হওয়ার তাগিদ দেন।

ছবি: বাসস

বাংলাদেশ সরকারের পক্ষে লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল দেশের সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ক্যাকটাস মেটেরিয়ালস, ডিএসআই, নিউরাল সেমিকন্ডাক্টর লিঃ, আইটেস্ট, উল্কাসেমি এবং চিপমেন্টরস-এর পক্ষ থেকে তথ্যবহুল উপস্থাপনা করা হয়। এতে এই খাতের নতুন সম্ভাবনা, কারিগরি সক্ষমতা এবং ভবিষ্যতের যৌথ কাজের ক্ষেত্রগুলো ফুটে ওঠে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যারিজোনা (বিএএজেড)-এর সভাপতি এবং নিউ রিলিক-এর লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৈয়দ জাকি হুদার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। তিনি বিএসআইএ, সিলিকন রিভার, ব্রেনগেইন এবং অ্যারিজোনার বাংলাদেশি সেমিকন্ডাক্টর কমিউনিটির যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন। এই উদ্যোগ শিক্ষা ও শিল্প খাতের সম্পর্ক মজবুত করতে এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিকন্ডাক্টর খাতের অভিজ্ঞ পেশাজীবী নূর জামিল সারওয়ারের নেতৃত্বে পুরো অনুষ্ঠানটি আয়োজিত হয়। অ্যারিজোনার বাংলাদেশি সেমিকন্ডাক্টর নেটওয়ার্ককে একত্রিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রতিনিধিদল ৮ জুন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (এএসইউ) পরিদর্শন করে। সেখানে বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ, ইন্টার্নশিপের পথ তৈরি, যৌথ গবেষণা এবং এএসইউ’র ‘ক্রেইস্ট’ (ঈজঊঝঞ) প্রোগ্রামে অংশগ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

অধ্যাপক হুসাইন শিক্ষার্থী বিনিময়, দক্ষ জনবল তৈরি, শিক্ষক মণ্ডলীর সম্পৃক্ততা, উদ্যোক্তা তৈরি এবং গবেষণা অংশীদারিত্ব নিয়ে ১০ বছরের একটি বিশদ রোডম্যাপ পেশ করেন। এএসইউ’র অ্যাসোসিয়েট ভাইস প্রোভোস্ট জেফ গসসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব এই প্রস্তাবকে জোরালো সমর্থন জানান।

আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় ‘বেয়ার সামিট ২০২৬’ এ অংশ নেওয়ার জন্য বিএসআইএ’র আমন্ত্রণ গ্রহণ করেছেন এএসইউ কর্মকর্তারা।

প্রতিনিধিদল অ্যারিজোনা সফরের শেষ অংশে বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সেমিকন্ডাক্টর উদ্যোক্তা ড. রফিকুল ইসলাম প্রতিষ্ঠিত ‘ক্যাকটাস মেটেরিয়ালস’ পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশের ক্রমবর্ধমান মেধাভিত্তিক জনবল এবং বিশ্বের বড় বড় সেমিকন্ডাক্টর হাবগুলোর মধ্যকার প্রতিযোগিতা নিয়ে আলোচনা হয়।

অ্যারিজোনা সফর শেষে প্রতিনিধিদল এখন সিলিকন ভ্যালির উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সাথে বৈঠক, বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ এবং ব্রেনগেইন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ‘সিলিকন রিভার ইউএসএ রোডশো ২০২৬’-এর পরবর্তী ধাপের কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun