1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ সোমবার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। 

সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩ মে মামলার ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে সাক্ষী ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় শুনানি পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।

মামলায় জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে আইনি কার্যক্রম পরিচালনা করছেন। গত ২৬ এপ্রিল মামলার পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গণি টিটোসহ আসামিপক্ষের অন্য আইনজীবীরা। এর আগে ১৯ এপ্রিল ওই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছিল।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ফেসবুকে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ান জুনাইদ আহমেদ পলক। এর পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ইন্টারনেট বন্ধে ভূমিকা রাখা, মারণাস্ত্র ব্যবহারে উসকানি দেওয়া এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলায় বলা হয়েছে, এসব ঘটনায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ ২৮ জন নিহত হন। একই সঙ্গে উত্তরায় ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগও রয়েছে।

চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আমলে নেয় আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun