1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

পোপ লিও চতুর্দশের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশী রাষ্ট্রদূতের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

হলি সি-এ সমবর্তী দায়িত্বে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান ভ্যাটিকান সিটি’র সেক্রেটারিয়েট অব স্টেটের অ্যাপোস্টলিক প্যালেসে আয়োজিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে পোপ লিও চতুর্দশের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। 

গত ২১ মে তিনি এ পরিচয়পত্র পেশ করেন।

গতকাল জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে অনুষ্ঠানটি হলি সি কর্তৃক যথাযথ রাষ্ট্রীয় ও কূটনৈতিক রাষ্ট্রাচার অনুযায়ীই অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইকোনমিক মিনিস্টার এম. জহিরুল কাইয়ুম, মিশনের কাউন্সেলর সবুজ আহমেদ। পরিচয়পত্র পেশের পর পোপ রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ।

পরিচয়পত্র পেশের আগে রাষ্ট্রদূত নাহিদা সোবহান সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিন, সাবস্টিটিউট অব দ্য সেক্রেটারিয়েট অব স্টেট আর্চবিশপ পাওলো রুদেল্লি, সেক্রেটারি ফর রিলেশনস উইথ স্টেটস অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস আর্চবিশপ পল রিচার্ড গ্যালাঘার এবং হলি সি-এর রাষ্ট্রাচার প্রধান জাভিয়ের ফার্নান্দেজ-এর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকসমূহে রাষ্ট্রদূত বাংলাদেশ ও হলি সি-এর মধ্যকার সম্পর্কের প্রতি বাংলাদেশের গভীর গুরুত্বারোপের বিষয়টি তুলে ধরেন।

তিনি ২০১৭ সালে পোপ ফ্রান্সিস এবং ১৯৮৬ সালে পোপ জন দ্বিতীয় পল-এর বাংলাদেশ সফরের কথা স্মরণ এবং উভয় সফরকে বাংলাদেশ ও হলি সি-এর দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

রাষ্ট্রদূত সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল অঙ্গীকারের বিষয়টিও তুলে ধরেন। তিনি বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন রোধ ও মানবিক কার্যক্রমে, বিশেষ করে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি হলি সি-এর অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং বিশ্বব্যাপী শান্তি, ন্যায়বিচার অভিবাসী ও অসহায় জনগোষ্ঠীর প্রতি মানবিক আচরণ নিশ্চিতকরণে তাঁদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

দ্বিপাক্ষিক বৈঠকসমূহে হলি সি-এর বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশ ও হলি সি-এর মধ্যকার সম্পৃক্ততা নিয়মিত সফর ও মতাবিনিময়ের মাধ্যমে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

এসময়, তাঁরা রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের মানবিক সহায়তারও প্রশংসা করেন।

এই সফরকালে অনুষ্ঠিত ধারাবাহিক বৈঠকসমূহ বাংলাদেশ ও হলি সি-এর মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun