একাধিক দুর্নীতি কেলেঙ্কারির জেরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে রাজধানী মাদ্রিদে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। স্থানীয় সময় শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এ বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ‘মার্চ ফর ডিগনিটি’ নামে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। মিছিলটি মূলত শান্তিপূর্ণ থাকলেও একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী সানচেজের সরকারি বাসভবনের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। যদিও সমাবেশটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।
স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, মুখোশধারী একদল মানুষ মনক্লোয়া প্রাসাদের দিকে যাওয়া প্রধান সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের আটক করে।
এদিকে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে তারা বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, বিক্ষোভের আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। ‘মার্চ ফর ডিগনিটি’ নামে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেওয়া লোকজন সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই লেখা ব্যানারে রাস্তায় নামে। এ সময় তাদের হাতে স্পেনের লাল-সোনালি জাতীয় পতাকা দেখা যায়।
বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থি ভক্স পার্টির নেতারা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এর আগে, গত মঙ্গলবার স্পেনের একটি আদালত ঘোষণা দেয় যে সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে প্রভাব বিস্তার ও অর্থপাচার চক্র পরিচালনার অভিযোগে তদন্ত করা হচ্ছে। এটি বামপন্থি সরকারের জন্য নতুন করে চাপ তৈরি করেছে। বর্তমান প্রধানমন্ত্রী সানচেজের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপাতেরো অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে, ২০২৪ সালের এপ্রিলে সানচেজ স্বল্প সময়ের জন্য পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছিলেন, যখন এক বিচারক তার স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। সানচেজ প্রকাশ্যে তার পরিবারের পক্ষে অবস্থান নিয়ে বলেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কট্টর ডানপন্থি প্রতিপক্ষের প্রভাবে পরিচালিত হচ্ছে।
যদিও গোমেজও সব অভিযোগ অস্বীকার করেছেন। গত মাসে স্পেনের এক প্রসিকিউটর তদন্তকারী বিচারককে মামলাটি বন্ধ করার অনুরোধ জানান। মামলাটি কট্টর ডানপন্থি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে দায়ের করা হয়েছিল।
এদিকে বিক্ষোভে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নিয়েছে বলে দাবি করেন আয়োজকরা। তবে মাদ্রিদে স্পেন সরকারের প্রতিনিধি অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪০ হাজার বলে উল্লেখ করেছেন।