1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

মোদির সঙ্গে থালাপতি বিজয়ের ২০ মিনিটের বৈঠক, বড় দুই দাবি পেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

ক্ষমতা গ্রহণের পর প্রথম সরকারি সফরে ভারতের রাজধানী দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। আজ দুই নেতার মধ্যে প্রায় ২০ মিনিট স্থায়ী এই বৈঠকে তামিলনাড়ুর স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। রাজ্যের বিভিন্ন অমীমাংসিত দাবি এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রী মোদির কাছে সরাসরি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।

বৈঠকের শুরুতেই নেদারল্যান্ডস থেকে সম্প্রতি প্রাচীন তাম্রলিপি ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এরপরই তিনি তামিলনাড়ুর জন্য অত্যন্ত সংবেদনশীল ও দীর্ঘদিনের বিতর্কিত মেকাদাতু বাঁধ প্রকল্প নিয়ে আলোচনা শুরু করেন। কর্ণাটক সরকার সীমান্ত-সংলগ্ন মেকাদাতু এলাকায় একতরফাভাবে বাঁধ নির্মাণের যে ঘোষণা দিয়েছে, তার তীব্র বিরোধিতা করেন বিজয়। তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানান, কর্নাটকের এমন পদক্ষেপ কাবেরী জল বিরোধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের রায়ের সম্পূর্ণ পরিপন্থী। যেহেতু এই ধরনের প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতির প্রয়োজন হয়, তাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদির কাছে অনুরোধ জানিয়েছেন যেন তিনি জলশক্তি মন্ত্রণালয়কে এই বাঁধ নির্মাণের অনুমতি না দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশ দেন। সম্প্রতি কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এই প্রকল্পের একটি সংশোধিত রিপোর্ট কেন্দ্রে জমা দেওয়ার কথা ঘোষণা করায় এবং এই প্রকল্পে তামিলনাড়ুর আপত্তির কোনো অধিকার নেই বলে দাবি করায় দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে জলবণ্টন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এই বৈঠকের আরেকটি অন্যতম বড় দাবি ছিল সরকারি অনুষ্ঠানের শুরুতে তামিলনাড়ুর রাজ্য সংগীত গাওয়ার অনুমতি চাওয়া। গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারি করে জানায়, জাতীয় গীত ও জাতীয় সংগীত যখন একসঙ্গে গাওয়া হবে, তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমের ছয়টি স্তবকই প্রথমে গাইতে হবে। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী বিজয় প্রধানমন্ত্রীর কাছে রাজ্য সংগীত পরিবেশনের নিয়ম শিথিল করার অনুরোধ জানান। উল্লেখ্য, বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও প্রথমে সম্পূর্ণ বন্দে মাতরম, তারপর জাতীয় সংগীত জনগণমন এবং সবশেষে তামিলনাড়ুর রাজ্য সংগীত ‘তামিল থাই বাঝথু’ গাওয়া হয়েছিল।

জলবণ্টন এবং রাজ্য সংগীতের পাশাপাশি তামিলনাড়ুর শিল্প ও প্রযুক্তির উন্নয়নে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) ‘সেন্টার ফর এয়ারবোর্ন সিস্টেমস’ দক্ষিণ ভারতে স্থাপন করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। তামিলনাড়ু ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয় সম্প্রতি বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর গত ১৩ মে কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের বিধায়কদের পাশাপাশি এআইএডিএমকে-র অন্তত ২৫ জন বিদ্রোহী বিধায়কের সমর্থনে বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেন তিনি। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মোদির সঙ্গে বিজয়ের এই প্রথম বৈঠকটি জাতীয় রাজনীতিতে এবং দুই সরকারের মধ্যকার প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun