টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে ফাহাদ (১০ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকাল ১০টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত ফাহাদ উপজেলার কুতুবপুর সুলতাননগর গ্রামের আশরাফ আলীর ছেলে।
শিশুটির পারিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফাহাদ আরো কয়েক শিশুর সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। উঠানের পাশে ইটের খোয়ার নিচে থেকে হঠাৎ একটি সাপ বের হয়ে ফাহাদকে একাধিক কামড় দেয়।
পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা রুহুল আমিন জানান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ফাহাদকে মৃত ঘোষণার পর স্বজনদের কথায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসকেরাও তার মৃত্যু হয়েছে বলে জানান।
পরে আজ বুধবার ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনা পারভীন বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে বিষধর সাপের একাধিক ছোবলে বিষ দ্রুত শিশুটির শরীরে ছড়িয়ে পড়েছিল।
এ ছাড়া যানজটের কারণে তাকে হাসপাতালে নিয়ে আসতেও কিছুটা বিলম্ব হয়েছিল। এসব কারণে সম্ভবত শিশুটি পথেই মারা গিয়েছিল।