1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

কলকাতায় ঈদের প্রধান জামাত হবে ঐতিহাসিক ব্রিগেড মাঠে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডের বদলে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বুধবার থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ব্রিগেড মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

নামাজের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ইমামতি মঞ্চ। মাঠজুড়ে বসানো হয়েছে শতাধিক লাউডস্পিকার, যাতে দূরবর্তী মুসল্লিরাও সহজে খুতবা ও নামাজে অংশ নিতে পারেন। পাশাপাশি মুসল্লিদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ী শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।

ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করছে কলকাতা পুলিশ এবং খিলাফত কমিটি।

খিলাফত কমিটির দায়িত্বপ্রাপ্ত ইশতেক আহমেদ জানান, রেড রোড মুসলিম সম্প্রদায়ের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। ১৯২০ সাল থেকেই খিলাফত কমিটি কলকাতায় ঈদের নামাজের আয়োজন করে আসছে। পরে ১৯৭৮ সাল থেকে নিয়মিতভাবে রেড রোডে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হতে শুরু করে এবং ২০২৫ সাল পর্যন্ত সেই ধারাই বজায় ছিল। তবে এবার নতুন সরকারের আমলে সেই আয়োজন স্থানান্তরিত হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন বহু নামাজি। তাদের বক্তব্য, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডও কলকাতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। বহু রাজনৈতিক ও সামাজিক ঘটনার সাক্ষী এই মাঠে এবার অনুষ্ঠিত হতে চলেছে ঈদুল আজহার প্রধান জামাত, যা এবারের ঈদকে আরও বিশেষ তাৎপর্য এনে দিয়েছে।

প্রসঙ্গত, কলকাতার রেড রোডের ঈদের জামাত দেশের অন্যতম বৃহৎ জামাত হিসেবে পরিচিত। প্রতি বছর কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে সেখানে নামাজ অনুষ্ঠিত হয়। এবার সেই ঐতিহ্যের নতুন ঠিকানা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এখন দেখার, নতুন এই আয়োজনকে কতটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন মুসল্লিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun