1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করলেন জো বাইডেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সে দেশের বিচার বিভাগের (ডিওজে) বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তার আত্মজীবনী লেখকের কাছে দেওয়া কিছু সাক্ষাৎকারের অডিও রেকর্ড ও অনুলিপি যেন প্রকাশ করা না হয়, সেই লক্ষ্যেই তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন। মূলত সাবেক এই প্রেসিডেন্টের নামে থাকা কিছু গোপনীয় নথি অপব্যবহারের ঘটনা তদন্তের অংশ হিসেবে এই সাক্ষাৎকারগুলো সংগ্রহ করেছিল মার্কিন বিশেষ কাউন্সিল।

ডেইলি ইন্টেলিজেন্সারের বরাত দিয়ে জানা গেছে, রেকর্ডগুলোর মধ্যে প্রায় ৭০ ঘণ্টার অডিও রেকর্ডিং এবং জো বাইডেন ও তাঁর গোস্টরাইটার মার্ক জোয়ানিচারের মধ্যকার কথোপকথনের অনুলিপি রয়েছে। জোয়ানিচার যখন ২০১৭ সালে বাইডেনের স্মৃতিকথা লেখার কাজ করছিলেন, তখন এই কথোপকথনগুলো রেকর্ড করা হয়েছিল। বারাক ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর জো বাইডেন তাঁর বাড়িতে বেআইনিভাবে কোনো গোপনীয় নথি রেখে দিয়েছিলেন কি না, তা তদন্তের জন্য বিশেষ কাউন্সিল রবার্ট হারকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই রবার্ট হার এই রেকর্ডিংগুলো সংগ্রহ করেন।

সম্প্রতি দ্য হেরিটেজ ফাউন্ডেশন নামের একটি রক্ষণশীল থিংক ট্যাংক তথ্য অধিকার আইনের (এফওআইএ) আওতায় এই ফাইলগুলো দেখার অনুরোধ জানিয়ে একটি মামলা দায়ের করার পর বাইডেন এই পাল্টা পদক্ষেপ নিলেন। সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবীদের যুক্তি, এই ফাইলগুলো জনসমক্ষে প্রকাশ করা হলে তা বাইডেনের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করবে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে দাখিল করা মামলায় উল্লেখ করা হয়েছে যে একজন বর্তমান বা সাবেক ভাইস প্রেসিডেন্টসহ প্রত্যেক মার্কিন নাগরিকেরই নিজের ঘরের ভেতরের ব্যক্তিগত আলাপচারিতার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার পূর্ণ অধিকার রয়েছে।

এর আগে ২০২৪ সালে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে বিশেষ কাউন্সিল রবার্ট হার সিদ্ধান্ত টেনেছিলেন যে জো বাইডেন আফগানিস্তান সংক্রান্ত সামরিক নীতিসহ বিভিন্ন গোপনীয় তথ্য ‘ইচ্ছাকৃতভাবে নিজের কাছে রেখেছিলেন এবং প্রকাশ করেছিলেন’। তবে সব মিলিয়ে তিনি বাইডেনের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেননি। ওই প্রতিবেদনে হার আরও লিখেছিলেন যে ২০১৭ সালে লেখকের সাথে কথা বলার সময় এবং পরবর্তীকালে বিশেষ কাউন্সিলের মুখোমুখি হওয়ার সময় বাইডেনের স্মৃতিশক্তি ‘যথেষ্ট সীমিত’ বলে মনে হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun