মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার (২৭ মে ) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৮টায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদে (নেগারায়) সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ নেগারায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তিপূর্ণ পরিবেশ ও ভ্রাতৃত্বের বন্ধনে মুখরিত হয়ে ওঠে জাতীয় মসজিদ প্রাঙ্গণ।
ঈদের নামাজের আগে মুসল্লিদের কণ্ঠে ধ্বনিত হয় তাকবির। নামাজ শেষে খুতবায় আত্মত্যাগ, ত্যাগের মহিমা, মানবতা ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরা হয়।
খুতবায় বলা হয়, প্রকৃত কোরবানি শুধু পশু জবাই নয়; বরং মানুষের অন্তরের অহংকার, হিংসা ও বিদ্বেষ দূর করাও ঈদুল আজহার মূল শিক্ষা।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। বিভিন্ন দেশের মুসলমানদের উপস্থিতিতে জাতীয় মসজিদে এক অনন্য মিলনমেলার সৃষ্টি হয়।
পবিত্র ঈদুল আজহা বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, ত্যাগ ও মানবিক মূল্যবোধ আরো সুদৃঢ় করুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন মুসল্লিরা।
এ সময় মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি মসজিদগুলোতে ঈদ জামাতে অংশগ্রহণ করেন অনেক প্রবাসী বাংলাদেশি।
নামাজ শুরুর আগে মসজিদগুলোতে বয়ান পেশ করেন সম্মানিত খতিবগণ। নামাজ শেষে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের পর বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।
এদিকে কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বুখারীতে স্থানীয় সময় সকাল ৮টায় ঈদুল আজহার প্রথম জামাত শুরু হয়। এখানে নামাজ আদায় করেন হাজারো প্রবাসী বাংলাদেশি।
পুত্রা মসজিদে স্ত্রী আজিজাহকে সঙ্গে নিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কুশলাদি ও ছবি তোলার মধ্য দিয়ে ঈদের আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করা হয়।
রাজধানী কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন শহরে ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। মসজিদ জামেক, তিতিওয়াংসা সুরাও বায়তুল মোকাররাম, কোতারায়া বাংলা মসজিদ, সুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, সুঙ্গাই ভুলু, সেলায়ং পাছার, পুচং, মালাক্কা, জহোরবারুতেও ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে অনেক জায়গায় প্রবাসী বাংলাদেশিদেরও পশু কোরবানি করতে দেখা যায়।
ঈদুল আজহা উপলক্ষে মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মো. মনজুরুল করিম খান চৌধুরী দেশটিতে বসবাসরত প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।