কাল ঈদ। মহাসড়কে এখন শেষ সময়ের যাত্রীরা।
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে অধিকাংশ মানুষ গ্রামের বাড়িতে চলে গেছে। তাই মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ কম।
বুধবার (২৭ মে) ঢাকার আব্দুল্লাহপুর থেকে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও আব্দুল্লাহপুর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা যায়, ঘরমুখী মানুষের ভার থেকে অনেকটা মুক্ত এসব সড়ক-মহাসড়ক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার টঙ্গী, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ সব এলাকার পোশাক কারখানা ছুটি হওয়ায় সড়কে বেশ যানজট ছিল।
আজ (বুধবার) ভোর থেকে যানজট নেই। সড়কে যাত্রী ও গাড়ির সংখ্যা কম থাকায় সড়ক অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। সন্ধ্যার মধ্যে আরো ফাঁকা হবে।
আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে অপেক্ষারত টাঙ্গাইলগামী যাত্রী দোকান কর্মচারী সোহেল রানা বলেন, ‘পরিবার আগেই পাঠিয়ে দিয়েছি।
আজ (বুধবার) ছুটি পেয়েছি তাই বাড়ি যাচ্ছি। গাড়ি পেতে অসুবিধা হচ্ছে না।’
টঙ্গীর গাজীপুরা এলাকায় দিলশাদ নূর নামের এক যাত্রী বলেন, ‘আমার আজ ছুটি হয়েছে। তাই গ্রামের বাড়ি নেত্রকোনায় যাচ্ছি।’ যাত্রা নিরাপদ হবে বলে আশা করছেন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, অতীতের সব সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তির হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় ঘুরমুখী মানুষের বাড়ি ফেরা নিরাপদ হয়েছে। আশা করি ঈদশেষে কর্মস্থলে ফেরাও সহজ ও আরামদায়ক হবে।