বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার তরুণ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শেরপুর-কাজীপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার শুভগাছা সাফলজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণের একজন হলেন শেরপুর পৌর শহরের উলিপুর মহল্লার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। আরেকজন হলেন শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে তামিম হোসেন (১৮)। তিনি ছিলেন শেরপুরের শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন মো. রাজন, মো. সিয়াম, মো. হাসান ও মো. ছামির। দুর্ঘটনার পর তাঁদের প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী দুজন বলেন, ঈদের দিন এই মহাসড়ক ফাঁকা থাকায় মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলছিল। রাত সাড়ে আটটার দিকে ধুনট থেকে শেরপুরগামী দুটি মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ওই তিনটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এতে তিন মোটরসাইকেলের আরোহী ছয়জনই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু রায়হানকে মৃত ঘোষণা করেন।
আহত অপর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তামিম হোসেন মারা যান।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।