1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

চবিতে প্রথমবারের মতো ই-বাইসাইকেল নিয়ে এলো ‘জোবাইক’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে ১০টি ইলেকট্রিক বাইসাইকেল (ই-বাইসাইকেল) নিয়ে পরীক্ষামূলক সেবা চালু করেছে অ্যাপভিত্তিক বাইসাইকেল প্রতিষ্ঠান ‘জোবাইক’।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চাকসু ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন (অ্যাকাডেমিক), উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম (প্রশাসন), প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহ জহুর, জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা, ডিরেক্টর শরীফ খান, চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি এবং পরিবহন ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়াসহ অন্যান্য প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘জোবাইক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি দারুণ সংযোজন। আমাদের শিক্ষার্থীরা এর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে এবং তারা এসব সাইকেল সঠিকভাবে ব্যবহার করবে।’

জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা বলেন, বিভিন্ন কারণে ২০২৩ সালে শিক্ষার্থীরা জোবাইক আনার জন্য আবারও পিটিশন করে। অনেক চেষ্টার শেষে আজকে আমরা জোবাইক নিয়ে ক্যাম্পাসে এসেছি। আগে শুধু প্যাডেল বাইসাইকেল ছিল। এবার ইলেকট্রিক বাইসাইকেল সংযোজন করেছি। আর চবিতে আমরা প্রথমবারের মতো ই-বাইসাইকেলের যাত্রা শুরু করছি। এর আগে বাংলাদেশের আর কোনো ক্যাম্পাসে ই-বাইসাইকেল নিয়ে আসেনি কেউ।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের চাহিদা থাকলে আগামী ৪০দিন পর ৫০টি ই-বাইকসহ মোট ১০০টি প্যাডেল বাইসাইকেলের সংযোজন করা হবে। ক্যাম্পাসের ২০টি গুরুত্বপূর্ণ স্থানে প্রায় পার্কিং পয়েন্ট থাকবে। এসব পয়েন্টে সাইকেল রাখতে হবে শিক্ষার্থীদের। এছাড়া, শিক্ষার্থীদের জন্য চমৎকার জো-ক্যাফে তৈরি করা হবে।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ক্যাম্পাসে ২০১৮ সালের শেষের দিকে প্রথমবারের মতো জোবাইক সেবা চালু হয়েছিল। তবে, বিভিন্ন কারণে প্রায় ছয় বছর ধরে সেবাটি বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে ক্যাম্পাসে আজ আবারও জোবাইকের যাত্রা শুরু হলো।

উল্লেখ্য, ‘জোবাইক’ হচ্ছে স্মার্টফোনভিত্তিক নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক ধরনের বাইসাইকেল সেবা প্রতিষ্ঠান। এর মাধ্যমে ব্যবহারকারীকে তাদের স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরপর নির্দিষ্ট পরিমাণে টাকা পরিশোধ করার মাধ্যমে ব্যবহারকারী বাইসাইকেলে থাকা কিউআর কোড স্ক্যান করে আনলক করে চালাতে পারেন।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে চালু হওয়া এই বাইসাইকেল সেবা আগামী ৪০দিন পরীক্ষামূলকভাবে চলবে। সফল হলে ক্যাম্পাসে ১০০টি বাইসাইকেল চালুর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জোবাইক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে চলবে জোবাইক।

আপাতত ক্যাম্পাসের জিরো পয়েন্ট, জীববিজ্ঞান অনুষদ, দুই নম্বর গেট ও চাকসুর সামনে পার্কিং পয়েন্ট স্থাপন করা হয়েছে।

ই-বাইসাইকেল মিনিটে দেড় টাকা এবং প্যাডেল বাইসাইকেলে মিনিটে ৮০ পয়সাসহ প্রতিবার আনলক করতে খরচ হবে প্রায় দেড় টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun