1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজের বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে একটি আবাসিক বাড়িতে  গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে বন্দরের মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় একটি একতলা বাড়িতে এই ঘটনা  ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৪২), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (৯) এবং অন্য পরিবারের এক শিশু পথচারী হযরত আলী (৮)। দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আহমদ মান্নান পরিবার নিয়ে মদনপুরের একটি একতলা বাড়িটিতে ভাড়া থাকতেন। তাদের বাসার গ্যাসের চুলার লাইনে লিকেজ (ছিদ্র) ছিল। সকালে আলী আহমদ মান্নান নিজেই সেটি মেরামত করার চেষ্টা করেন। মেরামত শেষে তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা চারজন ও বাসার বাইরে থাকা পথচারী শিশু হযরত আলী দগ্ধ হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষযটি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে আগুনের ঘটনায় মোট ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে সুলতানা আক্তারের শরীরের ৯০ শতাংশ, তার ছেলে সিয়ামের ৭৭ শতাংশ, মেয়ে মিমের ৪১ শতাংশ এবং স্বামী আব্দুল মান্নানের ৩০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া

হযরত আলী নামের ৮ বছর বয়সী অপর শিশুটির শরীরের ৮ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে বর্তমানে অবজারভেশনে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন বাসস-কে জানান, বন্দরের মদনপুরে একটি আবাসিক বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দগ্ধরা সবাই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun