ব্রিটেনের কট্টর ডানপন্থী নেতা টমি রবিনসন ইসলাম বিষয়ক এক বিতর্কে অংশ নিতে অক্সফোর্ড ইউনিয়নে পৌঁছানোর পর, বুধবার অক্সফোর্ড শহরের কেন্দ্রস্থলে শত শত মানুষ বিক্ষোভ করেছেন।
স্টিফেন ইয়াক্সলি-লেনন নামে পরিচিত রবিনসন ‘ইসলাম সম্পর্কে পশ্চিমাদের সন্দিহান হওয়া যৌক্তিক- শীর্ষক প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন।
অক্সফোর্ড থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বিতর্কে সাবেক অভিনেতা ও কট্টর ডানপন্থি কর্মী লরেন্স ফক্সও অংশ নেন। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মে মাসে অনুষ্ঠেয় এই বিতর্ক স্থগিত করা হয়েছিল।
এর আগে এখানে বক্তৃতা দিয়েছেন ম্যালকম এক্স, দালাই লামা ও রানি দ্বিতীয় এলিজাবেথ।
বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ মুখোশ পরেছিলেন। তারা ‘অক্সফোর্ড ফ্যাসিবাদবিরোধী’ ও ‘বর্ণবাদীরা আমাদের রাস্তা ছাড়ো’ বলে স্লোগান দেন।
তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বর্ণবাদ নিয়ে বিতর্ক নয়, প্রত্যাখ্যান করুন’ ও ‘ইউনিয়নের এমন আচরণই যথেষ্ট।’
কিছু ব্যানারে রবিনসনের সাম্প্রতিক রাশিয়া সফরের প্রসঙ্গও উঠে আসে। সেখানে লেখা ছিল, ‘টমি, তোমার দাম কত রুবল?’ ও ‘পুতিনের পোস্টার বয়।’
বিক্ষোভে অংশ নেওয়া গ্রিন পার্টির স্থানীয় কাউন্সিলর ক্রিস জারভিস বলেন, ‘অক্সফোর্ড ইউনিয়নের কখনোই তাকে আমন্ত্রণ জানানো উচিত হয়নি।’
তিনি এএফপিকে বলেন, ‘প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে। কিন্তু সবার জন্য মঞ্চ দেওয়া বাধ্যতামূলক নয়। অক্সফোর্ড ইউনিয়ন কট্টর ডানপন্থী ব্যক্তিদের জন্য সেই মঞ্চ তৈরি করেছে।’
তিনি আরও জানান, অনুষ্ঠান ও বিক্ষোভের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেছে।
অক্সফোর্ড সিটি কাউন্সিলের প্রধান সুসান ব্রাউন চলতি সপ্তাহে বলেন, রবিনসনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন।’
প্রকাশনা খাতে কর্মরত ৩০ বছর বয়সী ফোবি বলেন, ‘এ ধরণের মতাদর্শকে বৈধতা দেওয়া অত্যন্ত বিপজ্জনক।’
বিতর্কের বিরোধিতাকারীদের সঙ্গে রবিনসনের সমর্থকদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে পুলিশ শহরের একটি প্রধান শপিং সড়ক বন্ধ করে দেয়।
রবিনসনের সমর্থকদের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল এবং তাদের মধ্যে শিশুরাও ছিল। তারা ইউনিয়ন জ্যাক পতাকা নাড়াচ্ছিল।