জেলায় আজ ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত।
প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সনোজ বাহাদুর গুর্খা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন- এর সহযোগিতায় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
আয়োজকরা জানান, প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এবার রাঙ্গামাটির ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দু’টি উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালনসহ শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে।