ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতের কিছু পর শহরের একটি বাজারে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশের মুখপাত্র হেনরি জে. মানুরুঙ্গ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের তীব্রতা এবং এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভাতে দমকল বাহিনীকে দীর্ঘ তিন ঘণ্টারও বেশি সময় লড়াই করতে হয়েছে।
পুলিশের মুখপাত্র হেনরি জে. মানুরুঙ্গ এক বিবৃতিতে জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় কর্মকর্তারা দগ্ধ অবস্থায় ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন। এর আগে দেশটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ও শিল্প দুর্ঘটনার নজির রয়েছে। গত বছরের ডিসেম্বরে মধ্য জাকার্তার একটি সাততলা অফিস ভবনে অগ্নিকাণ্ডে ২২ জন প্রাণ হারিয়েছিলেন। এছাড়া ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।