পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম রেজাউল ফিরোজ রিন্টু। সোমবার, ২১ সেপ্টেম্বর তিনি আইনমন্ত্রী বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে আইন কর্মকর্তাদের পদত্যাগের ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেছিলেন। তারও দুই দিন আগে, ৭ সেপ্টেম্বর একসঙ্গে ৫ জন আইন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেন।
আইনজীবীদের পদত্যাগের এই ঘটনা নতুন নয়। এর আগে গত জুন মাসে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগ করেছিলেন। সে সময় পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে অন্যতম তারিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তাদের পদত্যাগের মূল কারণ ছিল জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত।