কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গীলাবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়নের নেতৃত্বে মিছিলটি রঙ্গীলাবাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মাওনা চৌরাস্তা উড়ালসেতু এলাকায় গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। মিছিল থেকে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।মিছিল শেষে মাওনা চৌরাস্তা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়ন বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে হত্যা, গুম, সন্ত্রাস ও লুটপাটের মাধ্যমে দেশের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে এবং বিভিন্ন ঘটনায় রায়ও হয়েছে। তার দাবি, এসব বিচারিক কার্যক্রম ও রায়ের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।রাশিদুল ইসলাম নয়ন আরও বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো ধরনের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা রাজনৈতিক সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন।পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হলে নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।