তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক ‘জোড়াফুল’ কোন পক্ষ পাবে—এই জটিল আইনি বিরোধ আগামী তিন মাসের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সোমবার এই রায় দেয়। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনা। আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদমান দুই পক্ষকে সংশ্লিষ্ট সব নথিপত্র ও তথ্যপ্রমাণ নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। উভয় পক্ষকে এ প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাটিতে মমতা ব্যানার্জীর পক্ষে আইনি লড়াই করছেন জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল। বর্তমানে অন্তর্বর্তীকালীন নির্দেশে তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক স্থগিত (ফ্রিজ) রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জীর দল বর্তমানে ‘ফুটবল খেলোয়াড়’ চিহ্ন ব্যবহার করছে এবং ঋতব্রত ব্যানার্জীর দল পেয়েছে ‘খাম’ প্রতীক।
রাজনৈতিক মহলে এই ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ রাজ্য শাসকদল বিজেপি জানিয়েছে, দুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পরপরই তারা পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করবে। যদি আগামী তিন মাসের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে মমতা ব্যানার্জীর দল জোড়াফুল প্রতীক ছাড়াই নির্বাচনে লড়তে বাধ্য হতে পারে। আসন্ন দুর্গাপূজার মরসুম শেষ হলেই রাজ্যে পৌরসভা ভোটের জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছে শাসকদল বিজেপি।