বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের ভোলা নদীতে এক জেলের জালে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। সোমবার সকালে সুন্দরবনসংলগ্ন ভোলা নদীতে মাছ শিকারের সময় শরণখোলা গ্রামের জেলে জহুরুল হাওলাদারের জালে মাছটি আটকা পড়ে। বন বিভাগের বৈধ অনুমতি নিয়ে তিনি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। জাল তোলার পর মেপে দেখা যায় মাছটির ওজন ঠিক ২০ কেজি। পরে স্থানীয় শরণখোলা বাজারে মাছটি নিয়ে আসলে সকাল ১০টার দিকে স্থানীয় মৎস্য আড়তদার শাহাদাত মুন্সী ৩৬ হাজার টাকায় তা কিনে নেন। এতে প্রতি কেজি কোরাল মাছের দাম পড়ে ১ হাজার ৮০০ টাকা। জাল ফেলার কিছুক্ষণ পরই তিনি জালে অস্বাভাবিক টান অনুভব করেন। পরে কৌশল অবলম্বন করে জাল টেনে নৌকায় তুলতেই দেখা মেলে বিশাল আকারের এক কোরাল মাছের।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, সুন্দরবনে তিন মাসের টানা মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গত এক মাসে জেলেদের জালে ধরা পড়া মাছগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় আকৃতির কোরাল। বাজারে বড় কোরালের চাহিদা বেশি থাকায় জেলে বেশ ভালো দাম পেয়েছেন।
ক্রেতা শাহাদাত মুন্সী জানান, গত এক মাসে সুন্দরবন এলাকা থেকে যেসব মাছ বাজারে এসেছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড় কোরাল। ক্রেতাদের কাছে এর কদর থাকায় তিনি ভালো দামে কিনে নিয়েছেন এবং স্থানীয় বাজারে লাভজনক দামে বিক্রির আশা করছেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. খলিলুর রহমান বলেন, ভোলা নদীতে জেলের জালে ২০ কেজি ওজনের কোরাল মাছ আটকা পড়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। তিন মাসের সরকারি নিষেধাজ্ঞার কারণে বনাঞ্চলের জলাশয়ে মাছগুলো নির্বিঘ্নে বৃদ্ধির সুযোগ পেয়েছে। ফলে বর্তমানে জেলেদের জাল ও বড়শিতে বড় আকৃতির মাছ ধরা পড়ছে এবং তারা বাজারে ভালো দাম পেয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।