রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন তরুণীও রয়েছেন। জানা গেছে, ওই ফ্ল্যাটটি বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শওকত হাসানুর রহমান রিমনের মালিকানাধীন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৭নং সেক্টরের ২০নং রোডের ১০নং বাসার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ওই বাসায় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। সেখানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের প্রস্তুতি চলছিল। পুলিশের অভিযানে আটক হওয়াদের মধ্যে রয়েছেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি মো. রাজিব, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রানা, কর্মী ফাহিম এবং ছাত্রলীগ নেত্রী ফারজুসহ মোট ১৫ জন। উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর জানান, নাশকতার খবর পেয়েই পুলিশ দ্রুত সেখানে অভিযান চালিয়ে অভিযুক্তদের হেফাজতে নিয়েছে।