কাতারে স্বল্প আয়ের পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে ‘শেয়ার দ্য রিওয়ার্ড’ নামে একটি বিশেষ ডিজিটাল অনুদান কর্মসূচি চালু করা হয়েছে। কাতার চ্যারিটি ও রফিক অ্যাপের যৌথ উদ্যোগে পরিচালিত এই মানবিক কার্যক্রমের লক্ষ্য হলো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
এই উদ্যোগের আওতায় রফিক অ্যাপ ব্যবহারকারীরা সরাসরি অস্বচ্ছল পরিবারগুলোর খাদ্যপণ্য, পোশাক, স্কুলসামগ্রী এবং চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সহায়তা করতে পারবেন। অনুদান প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল হওয়ায় ব্যবহারকারীরা খুব সহজেই তাদের পছন্দমতো সহায়তা পৌঁছাতে পারবেন।
কার্যক্রমটির কার্যকারিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাতার চ্যারিটির ‘আকরাবুন সেন্টার’ যাচাই-বাছাইয়ের কাজ করবে। তারা প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের অগ্রাধিকারমূলক চাহিদাগুলো নির্ধারণ করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সহায়তা যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা হবে।
আকরাবুন সেন্টারের নির্বাহী পরিচালক ফয়সাল রশিদ আল-ফুহাইদা জানান, প্রযুক্তি ও কার্যকর অংশীদারিত্বের সমন্বয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। এটি মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও সংহতির চেতনাকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, রফিকের সিইও আব্দুল্লাহ থামের আল-হুমাইদি বলেন, প্রযুক্তি কেবল ব্যবসায়িক সেবার মাধ্যম নয়, বরং এর মাধ্যমে সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। রফিকের প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষ খুব সহজে এবং সম্মানের সাথে দরিদ্র পরিবারগুলোকে সহায়তা করতে পারবেন।
কাতার চ্যারিটি ও রফিক অ্যাপের এই সম্মিলিত প্রচেষ্টা বেসরকারি খাত ও দাতব্য প্রতিষ্ঠানের মধ্যকার অংশীদারিত্বের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।