২০১৩ সালের ২০ জুন আনুষ্ঠানিক যাত্রার পর থেকে মিডল্যান্ড ব্যাংক পিএলসি দেশের আর্থিক খাতের একটি আস্থার নাম হয়ে উঠেছে। বিশেষ করে ২০১৫ সালের ১ অক্টোবর থেকে সম্পূর্ণ সেন্ট্রালাইজড ব্যাংকিং মডেলে স্থানান্তর হওয়ার পর ব্যাংকটির কার্যক্রমে নতুন গতির সঞ্চার হয়েছে। বর্তমানে ব্যাংকটি ৪৩টি শাখা, ২৩টি উপশাখা ও ১৫২টি এজেন্ট ব্যাংকিং সেন্টারের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে। ধারাবাহিক আর্থিক প্রবৃদ্ধি ধরে রেখেছে মিডল্যান্ড ব্যাংক।
আর্থিক সূচকে ব্যাংকটির গত পাঁচ বছরের অগ্রগতি বেশ স্পষ্ট। ২০২১ সালে মোট আমানত যেখানে ৫ হাজার ৭৩ কোটি টাকা ছিল, তা ২০২৫ সালে ৮ হাজার ৬৪৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে ঋণ ও বিনিয়োগ ৪ হাজার ৫৮৭ কোটি টাকা থেকে বেড়ে ৭ হাজার ১০৭ কোটি টাকায় পৌঁছেছে। ব্যাংকটির নিট মুনাফা ২০২১ সালের ৫১ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে ৮৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ের মধ্যে খেলাপি ঋণের হার ৩ দশমিক শূন্য ৮ শতাংশে নামিয়ে এনেছে ব্যাংকটি, যা তাদের সুশাসনের প্রতিফলন। এছাড়া ২০২৫ সাল নাগাদ তাদের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৬৫৯ কোটি টাকায় এবং অন্তর্মুখী রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৭৬ কোটি টাকা। এ অবস্থান ব্যাংকের সুশাসনের ইঙ্গিত দিচ্ছে।
ব্যাংকটির মোট ঋণের বড় একটি অংশ যাচ্ছে উৎপাদনমুখী খাতে। তৈরি পোশাক, টেক্সটাইলসহ করপোরেট খাতে মোট ঋণের ৭৬ শতাংশ বা ৫ হাজার ৪১০ কোটি ৮৮ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে ব্যাংকটিতে ৪ লাখ ২১ হাজার ২১৮ জন গ্রাহক রয়েছেন, যার মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী। গ্রাহকদের সুবিধার্থে ইতিমধ্যে ১ লাখ ৭৯ হাজার ৫৯৩টি ডেবিট কার্ড এবং ১৮ হাজার ১২৫টি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে।
ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে ব্যাংকটি বড় সাফল্য দেখিয়েছে। ‘মিডল্যান্ড অনলাইন’ ও ‘এমডিবি ঝটপট’ অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই অ্যাকাউন্ট খুলতে পারছেন। ই-কেওয়াইসির মাধ্যমে ৮০ হাজার ৩৪০টি অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৮৯। ক্যাশলেস লেনদেনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে; যেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে ৫০ লাখ ১৯ হাজার ৭২৮টি এবং কিউআর কোডের মাধ্যমে ৬ হাজার ২৩৯টি লেনদেন সম্পন্ন হয়েছে। গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটি পিসিআই ডিডিএস ও আইএসও/আইইসি ২৭০০১:২০২২-এর মতো আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে।
পরিবেশবান্ধব ব্যাংকিংয়ের ক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংক গত পাঁচ বছরে (২০২১-২০২৫) পাট উৎপাদন, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা ও সোলার প্যানেলসহ মোট ৭টি প্রকল্পে ২৮৮ কোটি ৫০ লাখ টাকা অর্থায়ন করেছে। এছাড়া ২০২৫ সাল পর্যন্ত আরও ১০টি প্রকল্পে ৪৬২ কোটি ৫৩ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য বিশেষভাবে ইআরকিউ অ্যাকাউন্ট এবং শিক্ষার্থীদের জন্য মাত্র ১০০ টাকায় শরিয়াহভিত্তিক ও সাধারণ হিসাব খোলার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সংরক্ষণের জন্য ‘মিডল্যান্ড ব্যাংক ফ্রিল্যান্সার ইআরকিউ অ্যাকাউন্ট’ এবং শিক্ষার্থীদের জন্য মাত্র ১০০ টাকা প্রাথমিক জমায় সাধারণ ও শরিয়াহভিত্তিক হিসাব চালু আছে।