কাতারে আগ্নেয়াস্ত্র রাখার বা বহনের লাইসেন্সপ্রাপ্ত নাগরিকদের উদ্দেশে একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এই নির্দেশনায় লাইসেন্সধারীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সম্পর্কের ঘনিষ্ঠতা যতই হোক না কেন, তারা যেন কোনো অবস্থাতেই নিজেদের অস্ত্র অন্য কারো কাছে ধার বা হস্তান্তর না করেন। একইসঙ্গে অন্য কোনো ব্যক্তিকে তা নিজের কাছে রাখার অনুমতি দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, অস্ত্রের লাইসেন্সটি সম্পূর্ণ ব্যক্তিগত। আইনগতভাবে এই লাইসেন্স কেবল নির্দিষ্ট ধারকের জন্যই সীমাবদ্ধ। অন্যের কাছে অস্ত্র হস্তান্তর করার কোনো আইনি সুযোগ নেই।
সমাজের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশের প্রচলিত আইন এবং মন্ত্রণালয়ের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।