ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাত সফরকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সফরকে আঞ্চলিক নিরাপত্তার জন্য অশনিসংকেত হিসেবে অভিহিত করেছে। তেহরানের ভাষ্যমতে, এমন একজন ব্যক্তির এই অঞ্চলে উপস্থিতি, যিনি আন্তর্জাতিক আদালতের বিচারের সম্মুখীন এবং যার বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষের রক্ত ঝরানোর অভিযোগ রয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, পশ্চিম এশিয়া বর্তমানে ইতিহাসের অন্যতম স্পর্শকাতর সময় পার করছে। এই সংকটময় মুহূর্তে ইসরাইলি সরকারের এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে। ফিলিস্তিন ও লেবাননে চলমান সংঘাত এবং ইরানের ওপর ক্রমাগত সামরিক হুমকির প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই সফরের সম্ভাব্য নেতিবাচক পরিণতি সম্পর্কে অঞ্চলটির দেশগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তেহরান।
আঞ্চলিক নিরাপত্তা একটি সম্মিলিত ও অবিচ্ছেদ্য বিষয় বলে মনে করে ইরান। তাদের মতে, অস্থিতিশীলতা তৈরিকারী কোনো পক্ষকে অঞ্চলে প্রবেশের সুযোগ করে দেওয়া হলে তা প্রকারান্তরে সংশ্লিষ্ট সব দেশের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এর ফলে পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা ও বিভাজন আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরাইলের সঙ্গে ইরান ও অন্যান্য আঞ্চলিক দেশের দীর্ঘস্থায়ী বৈরিতার কথা উল্লেখ করে তেহরান এই বিষয়টি মাথায় রাখার পরামর্শ দিয়েছে।
সবশেষে, অঞ্চলটির সরকারগুলোর প্রতি তাদের নিজ নিজ দায়িত্বের বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দিয়েছে ইরান। একই সঙ্গে ইসরাইলি সরকারের কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার জন্য আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের স্পষ্ট বক্তব্য, কোনো দেশের ভূখণ্ড যেন অন্য কোনো আঞ্চলিক শক্তির বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির প্ল্যাটফর্মে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকা আবশ্যক।