সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় ভিডিও প্রচারের অভিযোগে মৌলভীবাজার থেকে মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মামুন স্থানীয় নিজাম মিয়ার ছেলে। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত দুই-তিন দিন ধরে নিজের নামীয় মামুন খান ০৭ নামের টিকটক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও তৈরি করে পোস্ট করে মামুন।
পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে ‘মামুন খান ০৭’ নামের একটি টিকটক আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও গালিগালাজপূর্ণ ভিডিও তৈরি ও প্রচার করে আসছিলেন অভিযুক্ত ওই যুবক। এই ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া মামুনের বিরুদ্ধে সদর মডেল থানায় মারামারির একটি ঘটনায় লিখিত অভিযোগও রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ ঘটনায় স্থানীয় গিয়াসনগর ইউনিয়ন বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া হয়েছে। এর পেছনে কোনো দুষ্কৃতকারী চক্র জড়িত কি না, তা তদন্ত করা প্রয়োজন। মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও প্রচারের দায়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ কোনো ছাড় দেবে না বলে তিনি মন্তব্য করেন।