চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার আবুতোরাব বাজারে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় তিন হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এই উদ্যোগটি বাস্তবায়নে নেতৃত্ব দেয় স্থানীয় ১১টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। আয়োজক সংগঠনের তালিকায় রয়েছে হিতকরী, প্রকাচৌক, আফামা, শিকড় সংঘ, আলোকিত, আনন্দ সংঘ, অগ্রদূত ও নবপ্লাবন। এছাড়াও আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদ্রাসা ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেন।
সমাবেশে মাদক নির্মূলের লক্ষ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। মাদকসেবীদের এই অভিশপ্ত পথ থেকে ফেরাতে তাদের বাসভবনে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’—এমন বার্তা সম্বলিত ব্যানার টাঙানোর মতো কঠিন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। বক্তারা জানান, মাদকের ভয়াল থাবা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে সমাজের প্রতিটি স্তর থেকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। পাশাপাশি মাদক বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট ও তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েলের সভাপতিত্বে এবং শিকড় সংঘের সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই থানার ওসি (তদন্ত) মো. আওলাদ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন, বিএনপি নেতা জাকারিয়া মহিউদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবসার উদ্দিন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মাওলানা রবিউল হোসেন নিজামী, ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. সানাউল্লাহ, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান, আলোকিত সংঘের সভাপতি আজিম উদ্দিন, সৈদালী ঐকতান সংঘের সভাপতি মো. মাসুম বিল্লাহ ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিষদের আহ্বায়ক আবদুল কাইয়ুম হাসান।
সমাবেশ স্থলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, একই ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, চট্টগ্রামস্থ মিরসরাই সমিতির সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন রাজিব এবং সাবেক ছাত্রনেতা সোয়েব হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক কর্মীরা। বক্তারা এই লড়াইয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানান, যেন মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গঠন করা সম্ভব হয়।