1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সপ্তাহব্যাপী গণসংযোগ ও শাহবাগে প্রতিবাদ করবে এনসিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তার সংকট এবং চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্যের মতো ইস্যুগুলোতে রাজপথে সোচ্চার হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ২৩শে অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে। এই কর্মসূচির উদ্বোধন করবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এরপর আগামী ৩০শে অক্টোবর রাজধানীর শাহবাগে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার রাতে অনুষ্ঠিত দলের রাজনৈতিক পর্ষদের এই সভায় সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আখতার হোসেন। সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আলামিন এমপি, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ এবং সালেহ উদ্দিন সিফাত।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সারা দেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়। দলের নেতাকর্মীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে আগামী ১৩ই অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আগামী সপ্তাহের মধ্যেই আরও একশটি উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের তালিকা তৈরির প্রক্রিয়াও দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক ও জনসংশ্লিষ্ট বিভিন্ন সংকট মোকাবিলায় সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এসব কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun