জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ রয়েছেন। গত রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিখোঁজ শিক্ষার্থীর হলের কক্ষে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা নিতে বিষয়টি ঢাকা জেলার পুলিশ সুপারকে অবগত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিখোঁজ শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (০১৭১৪০১২৩১৫) অথবা নিরাপত্তা কর্মকর্তার (০১৭১২৬৭৪৫৫৭) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।