কাতারে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের পরিধি ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় দেশটির শিল্পনগরী সানাইয়া লজিস্টিক ভিলেজে একটি নতুন ওয়্যারহাউস উদ্বোধন করেছেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মাইন উদ্দিন সোহেল। তিনি এম ইউ সোহেল ট্রেডিং ও মইন ফ্রেশ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে চালু হওয়া এই ওয়্যারহাউসটি ব্যবসায়িক বিস্তার ঘটাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সবার দোয়া ও সহযোগিতা চেয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের কর্ণধার মাইন উদ্দিন সোহেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক তফসিল উদ্দিন, অধ্যাপক আমিনুল হক, আবু জাহের বাবুল ও আরিয়ান ভূঁইয়া। এছাড়া কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন।
মাইন উদ্দিন সোহেল ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে সিআইপি নির্বাচিত হন। অনুষ্ঠান শেষে অ্যাসোসিয়েশন অব ফেনীর নেতাকর্মীরা তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় মোহনা টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, ডিবিসি নিউজের সাংবাদিক আমিন বেপারী এবং বিজয় টিভির আহসান উল্লাহ সজিব তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
তিনি মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে নানা রকমের ফলমূল ও সবজি আমদানি করেন। এসব পণ্য কাতারের বিভিন্ন হাইপার মার্কেট ও সুপার মার্কেটে সরাসরি সরবরাহ করা হয়। দূরদর্শী পরিকল্পনা, কঠোর পরিশ্রম ও অদম্য মনোবল নিয়ে তাঁর এই অগ্রযাত্রা আগামী দিনে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে মনে করছেন কাতার প্রবাসীরা।