দেশে এবং বিদেশের মাটিতে বসে একটি সুনির্দিষ্ট চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একইসঙ্গে সব ধরনের অপচেষ্টা প্রতিহত করতে আসন্ন দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি নিশ্চিত করেছেন।
হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করে রিজভী জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন। এছাড়া দলের পক্ষ থেকেও জাতীয় কমিটি গঠন করা হয়েছে, যারা পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে পূজামণ্ডপগুলোতে পাহারার ব্যবস্থা করা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় মন্দির কমিটির সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখা বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিবারের ভূয়সী প্রশংসা করেন রিজভী। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজ এই এলাকায় শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে একটি মহৎ কাজ করে গেছেন। বিদ্যালয়ের মনোরম পরিবেশ ও মাঠ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক মন্তব্য করেন যে, বাংলাদেশ সবার এবং প্রত্যেকের নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ও জীবনধারা অনুযায়ী চলার অধিকার রয়েছে। যন্ত্রাইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের আধিক্য রয়েছে উল্লেখ করে তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান। এছাড়াও দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।