গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন কাজী ছাইয়েদুল আলম বাবুল। তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে এ নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১১ নভেম্বর থেকে পরবর্তী এক বছর তিনি গ্রেড-২ পদমর্যাদায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করে দায়িত্ব গ্রহণ করতে হবে। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।