গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। দায়িত্ব নিয়ে গাজীপুরকে একটি সুন্দর, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি। রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের ওয়্যারলেস সড়কে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, জেলা ড্যাবের সভাপতি ডা. আলী আকবর পলানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, গাজীপুরকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে কাজ করা হবে। একই সঙ্গে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রধান দুর্নীতিগ্রস্ত হলে পুরো প্রতিষ্ঠানই কলঙ্কিত হয়। তার কাছে কোনো ধরনের দুর্নীতির সুযোগ নেই বলেও জানান নতুন চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে নতুন চেয়ারম্যান বলেন, শিল্পাঞ্চল গাজীপুরের শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল নির্মাণ, তাঁদের নিরাপদ আবাসনের ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। কাজী ছাইয়েদুল আলম বাবুল গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। গত ১১ নভেম্বর তাঁকে এক বছরের চুক্তিতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।