টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের অসহায় বিধবা মোসাম্মৎ আয়শা বেগমের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে। পলিথিনের বেড়া ও ছাউনির জরাজীর্ণ ঘর ছেড়ে এবার পাকা ফ্লোর ও নতুন টিনের ছাউনিযুক্ত ঘরে উঠেছেন তিনি। উপজেলা প্রশাসন, ধনবাড়ীর উদ্যোগে নির্মিত এই নতুন ঘর পেয়ে তাঁর মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি।একসময় বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ত। প্রতিকূল আবহাওয়ায় অত্যন্ত কষ্টে দিন কাটাতে হতো অসহায় এই বিধবা নারীকে। তাঁর সেই দুর্দশার কথা বিবেচনা করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।নতুন ঘর নির্মাণের এই উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্মিলিতভাবে সহযোগিতা করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগের পাশাপাশি মাননীয় মন্ত্রীর তহবিল থেকে অনুদান, সমাজসেবা কার্যালয় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সহায়তা, স্থানীয় ব্যবসায়ীদের খুঁটি প্রদান, সহকর্মীদের ব্যক্তিগত অনুদান এবং স্থানীয় ব্যক্তিদের শ্রম ও আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছে আয়শা বেগমের স্বপ্নের এই আশ্রয়স্থল।নতুন ঘরে প্রবেশ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া শেষে তিনি নিজে উপস্থিত থেকে আয়শা বেগমকে সঙ্গে নিয়ে নতুন ঘরে প্রবেশ করেন।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণই তাদের মূল শক্তি। মানুষের কষ্ট ভাগ করে নেওয়া, তাঁদের প্রয়োজনীয় সেবা ও তথ্য ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য।এদিকে, উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তাঁদের মতে, সম্মিলিত প্রচেষ্টায় একজন অসহায় মানুষের মাথা গোঁজার নিরাপদ ঠাঁই নিশ্চিত করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।একটি নিরাপদ আশ্রয় শুধু একটি ঘর নয়, এটি একজন অসহায় মানুষের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন ও ভরসা। নতুন এই ঘরে আয়শা বেগমের আগামী দিনগুলো শান্তি, নিরাপত্তা ও স্বস্তিতে কাটুক—এমন প্রত্যাশা সবার।মহান আল্লাহ তাআলা আয়শা বেগমকে নতুন ঘরে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন। আমিন।