শান্তিতে নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় চলমান অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দেশজুড়ে পরিকল্পিতভাবে চালানো এসব হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, নভেম্বরের শুরু থেকেই নিয়মিত পেট্রোল বোমা ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের শাখাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং প্রতিটি ঘটনায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার তথ্য পাওয়া গেছে। কেবল চলতি মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় এ ধরনের হামলার ঘটনা ঘটেছে, যা একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বলে মনে করেন তিনি।
ড. ইউনূস জানান, হামলাকারীরা মিথ্যা অপপ্রচার চালিয়ে বলছে যে ব্যাংকটি তিনি পরিচালনা করেন বা এর মালিক তিনি নিজে। অথচ বাস্তবে গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক এর ঋণগ্রহীতারা, আর বাকি ১০ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির কোনো প্রকার ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি জোর দিয়ে বলেন, গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি কখনো ছিলেন না। ব্যাংকটি মূলত দরিদ্র নারীদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যা বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনের মডেল হিসেবে সমাদৃত।
বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী, যাদের কঠোর পরিশ্রমে ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ড. ইউনূস উল্লেখ করেন, ব্যাংকটির ওপর হামলা মানে এসব অসহায় নারীর নিরাপত্তা, স্বাধীনতা এবং তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। চট্টগ্রামের যে বাড়ি থেকে তাঁর কাজের সূচনা হয়েছিল, বর্তমানে সেটিও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওই বাড়িতে তাঁর দুই ছোট ভাই সপরিবারে বসবাস করেন। এই হামলার ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপির তিনজন এমপির বাসভবন এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তিনি জানান, বেশ কিছু ঘটনায় ব্যাংকের নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। গ্রামীণ ব্যাংকের সেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করার অনুরোধ জানিয়ে তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এছাড়াও, বিশ্বব্যাপী গ্রামীণ ব্যাংকের শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান যেন যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফেরাতে তারা ভূমিকা রাখেন। এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর ও নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে, এমন একটি সময়ে এই ধরনের হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন। ২০ বছর আগে নোবেল কমিটি এই প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল।