ওমানের খাসাব উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় দুটি তেলবাহী ট্যাংকার রহস্যময় হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, প্রথম ট্যাংকারটি খাসাব উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার বা ১১ নটিক্যাল মাইল উত্তরে অজ্ঞাত কোনো বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির পেছনের অংশে আঘাত লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পরিবেশগত প্রভাব যাচাইয়ের কাজ চলছে।
একই এলাকায় পরবর্তী সময়ে দ্বিতীয় একটি ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। ইউকেএমটিও জানিয়েছে, দ্বিতীয় জাহাজটি খাসাব থেকে প্রায় ৩১ কিলোমিটার বা ১৭ নটিক্যাল মাইল পূর্বে ইঞ্জিনকক্ষে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ঘটনায়ও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা ঝুঁকিতে থাকা জলপথে পরপর দুটি জাহাজে এমন হামলার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে।
এরই মধ্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালির আকাশসীমায় আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির দাবি, বাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিভাগ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করেছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এটি তাদের হাতে ধ্বংস হওয়া ৫৮তম মার্কিন এমকিউ-৯ ড্রোন।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের বর্তমান পরিস্থিতিকে ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর তথ্যমতে, বিনিয়োগকারী ও উৎপাদকদের সাথে এক বৈঠকে তিনি বলেন, এই যুদ্ধ ক্ষেপণাস্ত্রের লড়াইয়ের চেয়েও বেশি জটিল ও কঠিন। তিনি উল্লেখ করেন, একদল দাদাগিরি করা ও জবরদস্তিকারী গোষ্ঠী ইরানকে ধ্বংস করতে চেয়েছিল, তবে দেশটির ব্যবসায়ীরা সফলভাবে বাজার সামাল দিচ্ছেন। একইসাথে আসন্ন শীত মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে তিনি নিশ্চিত করেছেন।