গাজীপুরে এক পোশাকশ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ খবরের পর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। পরে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়কে অবস্থান নেন। পরে দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। অবরোধের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ভোগড়া বাইপাস এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন।